সকাল থেকে গণপরিবহন চলবে পদ্মা সেতুতে – জনতার আওয়াজ
ব্রেকিং নিউজ

হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৫, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের পর আজ সকাল ৬টা থেকে যান চলাচল শুরু হবে সেতুতে। নির্ধারিত টোল দিয়ে থ্রি হুইলার ছাড়া যেকোনো গাড়ি পার হতে পারবে সেতু।তবে সেতুতে সাইকেল চালিয়ে পার হওয়া যাবে না। হাঁটাও যাবে না।

পদ্মা সেতু চালুর দিনে বাড়তি ভিড়ের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই চাপ সামলাতে বাড়তি প্রস্তুতিও রাখা হয়েছে।

পদ্মা সেতু চালু হওয়ায় এখন দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের বাসের চাপ কমবে। রাজধানী ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে আরিচা করিডরে দক্ষিণাঞ্চলগামী বাস চলাচল কমবে। আর বেশির ভাগ বাস সায়েদাবাদ হয়ে যাবে বলে মনে করছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে জ্বালানি, ভোগান্তি ও পথের দূরত্ব কমে আসবে। পদ্মা নদী পাড়ি দিতে ফেরির পরিবর্তে ব্যবহার হবে সেতু।

এই নতুন পথ ব্যবহারের জন্য নতুন করে রুট পারমিট নিতে হবে না বাস মালিকদের। তবে এই রুটে নতুন করে বাস চালু করলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে পারমিট নিতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

সায়েদাবাদ হয়ে দক্ষিণাঞ্চলের বাস চলাচল করলেও যাত্রীদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন হানিফ পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন। তিনি বলেন, সায়েদাবাদ হয়েই বেশির ভাগ বাস দক্ষিণাঞ্চলে যাবে। তবে দিনের বেলা সব কাউন্টার থেকেই যাত্রীরা ছোট বাসের সেবা পাবে। ফলে তাদের কোনো কাউন্টারেই সমস্যা হবে না। আর রাত ৯টার পর তো ঢাকায় বড় বাস চলাচল করতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, বাসের নতুন রুট পারমিট দেওয়া হলেও ঢাকায় বড় বাসের চাপ বাড়বে না। আগের মতোই চলবে। শুধু ঢাকা থেকে বের হওয়ার পথটা ভিন্ন হবে।

পদ্মা সেতুকে কেন্দ্র করে ঢাকা শহরের সড়ক ব্যবস্থা ঢেলে সাজানোর কথা বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, আগে যেসব বাস গাবতলী থেকে দক্ষিণাঞ্চলে যেত সেগুলো গাবতলী থেকেই ঢাকা ছাড়ত। এখন ওই বাসগুলো ঢাকার ভেতর দিয়ে সায়েদাবাদ পর্যন্ত যাবে। ফলে ঢাকায় যানজটের চাপ বাড়বে।

কোন যানে কত টোল :

মোটরসাইকেলে ১০০ টাকা, কার বা জিপে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা, ছোট বাসে (৩১ আসন বা এর কম) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাসে (৩ এক্সেল) দুই হাজার ৪০০ টাকা, ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) দুই হাজার ৮০০ টাকা।

এ ছাড়াও ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা, ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলে এক হাজার ৫০০ টাকা।

 

এই পর্যন্ত সংবাদটি ১২০০ বার পঠিত হয়েছে।

 
শীর্ষ খবর/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ